‘জঙ্গিদের তৎপরতা এখন অনলাইনকেন্দ্রিক’

১ জুলাই, ২০২১ ১৭:০৩  
বাংলাদেশসহ সারা বিশ্বে জঙ্গিরা এখন অনলাইনে তৎপর জানিয়ে তারা পুলিশের কঠোর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম । বৃহস্পতিবার পাঁচ বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় নিহত পুলিশের দুই কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপি কমিশনার। এ সময় র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামসহ ডিএমপি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জঙ্গি তৎপরতা সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই জঙ্গিরা নেটভিত্তিক প্রচারণা চালাচ্ছে। ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে তারা অনেক তৎপর। তবে পুলিশ জঙ্গিদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি করছে। আপাতত দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।